
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব ফল ঘোষণা করেন বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয় অর্জন করেছে।
বাগেরহাট–৪ (মোরেলগঞ্জ–শরণখোলা)
এই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল আলিম। দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। দুই প্রার্থীর ব্যবধান ১৭ হাজার ৭৪১ ভোট।
বাগেরহাট–৩ (মোংলা–রামপাল),
এই আসনে বিএনপির প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩ হাজার ৭১১। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।
বাগেরহাট–২ (বাগেরহাট সদর ও কচুয়া),
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বিজয়ী হয়েছেন। দাড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ মো. জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট।
বাগেরহাট–১ (মোল্লাহাট–ফকিরহাট–চিতলমারী),
এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। দাড়িপাল্লা প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৭ হাজার ৫২৭। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।জেলায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সব ভোটকেন্দ্রে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ছিল। পুলিশ,সেনাবাহিনী, বিজিবি,আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীর তৎপরতায়,পাশাপাশি মোবাইল টিম ও টহল জোরদার থাকায় পুরো জেলাজুড়ে বিরাজ করছিল শান্ত পরিবেশ। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দিনশেষে জেলার কোথাও কোনো বিশৃঙ্খলা বা সহিংসতার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে বিএনপি জয় লাভ করেছে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com