
নেপাল-এর রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) জুডো দল। টুর্নামেন্টের শেষ দিনে আরও দুটি স্বর্ণপদক জয়ের মাধ্যমে মোট ৪টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ নিয়ে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দলের এই অসামান্য সাফল্যে বিকেএসপির কৃতি জুডোকাদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত একটি বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশের হয়ে সাফল্যের মুকুটে নতুন পালক যুক্ত করেন ফাবিহা বুশরা ও শাহিন আহমেদ। মেয়েদের +৭০ কেজি ওজন শ্রেণিতে প্রতিপক্ষকে সহজেই পরাজিত করে স্বর্ণ জেতেন ফাবিহা বুশরা।"
পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন। সেমিফাইনাল মাত্র ৪ সেকেন্ডে এবং ফাইনাল ৩০ সেকেন্ডে জিতে তিনি সবার দৃষ্টি কাড়েন। অন্যদিকে পুরুষদের -৭৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জেতেন শাহিন আহমেদ।
এর আগে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট +৫৩ কেজি ওজন শ্রেণিতে আজিজা আলেয়া লিয়ন এবং বালক ক্যাডেট +৬২ কেজি ইভেন্টে উসাচিং মারমা স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া বালিকা -৪৫ কেজি ইভেন্টে ব্রোঞ্জ জেতেন রেমি হাসি।"
বিকেএসপির ৩ জন বালক ও ৩ জন বালিকা—মোট ৬ জন খেলোয়াড় অংশ নিয়ে প্রায় সবাই পদক জয়ের কৃতিত্ব দেখিয়েছেন।
অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বিদেশের মাটিতে তরুণ জুডোকাদের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। বিশেষ করে ফাবিহা বুশরার সেরা খেলোয়াড় হওয়া এবং স্বল্প সময়ে প্রতিপক্ষকে হারানো দেশের অ্যাথলেটদের সক্ষমতারই বহিঃপ্রকাশ।"
উল্লেখ্য, নেপাল ক্রীড়া ফেডারেশনের অধীন জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক নেপালের ১৫টি ক্লাবসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন। বাংলাদেশের দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ড. লুৎফর রহমান, কোচ ছিলেন মো. আবু বকর সিদ্দিক এবং অফিশিয়াল হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।#bl
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com