
শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্যে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ দূষণের প্রভাব ও প্রতিকার বিষয়ে আয়োজিত অংশীজনদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলঘেঁষা এলাকায় পানি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে কৃষিজমি, খাল-বিল ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি টিম গঠনের পাশাপাশি কার্যকর তদারকি জোরদার করা হবে। তিনি জানান, ভরাডোবা এলাকায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যরে কারণে প্রায় সাড়ে তিনশ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক হাজার পরিবারের নেতিবাচক প্রভাব ভোগ করছে।"
শেখ ফরিদুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত শিল্পবর্জ্য খাল, নদী, জলাশয় বা কৃষিজমিতে ফেলা যাবে না। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ বিধি অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, দূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবহেলা করলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, এত সুন্দর সুজলা-সুফলা জনপদকে বিরানভূমিতে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। মতবিনিময় সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ফিরোজ হোসেন, সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।"
এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি প্রকৌশলী মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার। সভায় এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদারও বক্তব্য দেন।#bl
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com