
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের আলোচনা সভা, স্বাস্থ্যসেবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব
বাগেরহাটের মানুষের জন্য মানসম্মত, সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম আরও গতিশীল করা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় ঢাকার এয়ারপোর্ট রোডের মণিপুরীপাড়ায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের ২০৫ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি ও দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সভায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম বাবলু বলেন, বাগেরহাটের মানুষের জন্য উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করাই বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি বলেন, বাগেরহাটের মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনকে সামনে রেখে ফাউন্ডেশনের কার্যক্রম ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে। বিশেষ করে যারা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, তাঁদের পাশে দাঁড়ানোকে গুরুত্ব দেওয়া হবে।
সভায় বক্তারা বলেন, বাগেরহাটের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতসহ সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষায়িত চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ ছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, নির্বাহী সভাপতি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর শেখ মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শেখ শামীম হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও পুষ্টিবিজ্ঞানী শামসুন্নাহার মহুয়া।
এ সময় দপ্তর সম্পাদক এস এম মনিরুল আলম, শেখ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত জজ ইখতিয়ার মল্লিকসহ ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাগেরহাটের মানুষের জন্য আরও সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের উদ্যোগগুলো সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।#


বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com