
পিরোজপুরে অস্থিতিশীলতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুর সিও অফিস উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন।
সমাবেশে বক্তারা বলেন, "একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। কিন্তু পিরোজপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল নেতা-কর্মীরা যেকোনো ধরনের ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে।"
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো অবস্থাতেই দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বরদাশত করা হবে না এবং জনগণের অধিকার রক্ষায় তাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। #
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com