
বাগেরহাটের চিতলমারী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে। জব্দকৃত গ্যাস সিলিন্ডরের মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। গোপন খবরের ভিত্তিতে চিতলমারী উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজে বেআইনী ভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এ সব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। গত মঙ্গলবার বিকেলে এ ঘটনার সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বৃহস্পতিবার সকালে এ তথ্য সংবাদ কর্মীদের কাছে নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার বলেন, ‘মঙ্গলবার বিকেলে ডিবির ফোন পাওয়ার পর ঘটনা স্থলে যাই। ওখানে গিয়ে দেখতে পাই মের্সাস রোহা এন্টারপ্রাইজের মালিক মোঃ রিয়াদ মুন্সি লাইসেন্স অনুযায়ী ৪০ টি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু তিনি ২ হাজার ৪২ টি গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন। যার মধ্যে ১৭৪ টি পূর্ণ সিলিন্ডার এবং ১ হাজার ৮৬৮ টি খালি। এতো মজুদ সিলিন্ডার রাখার সঠিক ব্যাখ্য তিনি আমাদের দিতে পারেননি। তাছাড়া জব্দকৃত অনেক সিলিন্ডারের ২০২২ ও ২০২৪ সালে মেয়াদ শেষ হয়েছে। এ গুলো সরাসরি কোম্পানী থেকে আনার কথা। কিন্তু ওনারা বাইরে থেকে রিফিল করান। যার কারণে অতিরিক্ত মজুদ রাখা ও বেআইনী কাজ করার জন্য আমরা পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছি। তাছাড়া ৪০টি সিলিন্ডার বাদে বাকি সিলিন্ডার গুলো জব্দ করে থানায় আনা হয়েছে। চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলেন জব্দকৃত সিলিন্ডার বুধবার সকালে থানায় এনে রাখা হয়েছে। আর সাজা পারোয়ানা মূলে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান পরিচালনাকালে চিতলমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম আশরাফ, চিতলমারী থানার এস আই সুজয় ও চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।#az
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com