
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
সোমবার ৫ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচার রোধসহ ডাকাত ও দস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বেশ কিছুদিন যাবৎ কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। জলদস্যু ও ডাকাত চক্রের অপতৎপরতা প্রতিহত এবং জড়িতদের আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করেছে।
এছাড়াও, আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতিসম্পন্ন স্পিড বোটের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি আধুনিক র্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও GPS প্রযুক্তি ব্যবহার করে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও সমুদ্রসীমা এলাকায় চলাচলরত সকল ধরনের জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ৫ অক্টোবর ২০২৬ দিনব্যাপি কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ সবুজ বাংলা, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়া কর্তৃক দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদেরকে ডাকাত ও জলদস্যু হতে সার্বিক নিরাপত্তা প্রদানকল্পে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
দেশের সমুদ্র, নদী পথ ও উপকূলীয় অঞ্চলে ডাকাত ও জলদস্যু মুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com