
বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মোখলেছ মোল্লা উপজেলার বেতাগা গ্রামের মজলু মোল্লার ছেলে। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার এসআই ভবতোষ রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে পর তাদের অচেতন করে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরদিন দুপুরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ হত্যা মামলার তদন্তে মোখলেছ মোল্লার সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর শনিবার ভোরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সকালে পুলিশ তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।#AZ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: রেল রোড, বাগেরহাট।
ইমেইল: press24masum@gmail.com
মোবাইল: 01834112222
All rights reserved ©2026 daily Uttal.com