মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিক্ষকের মর্যাদা ও আদর্শের বার্তায়- মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোহাম্মদ বাবুল আকতার, মণিরামপুর (যশোর) / ২৬
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬



নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের মণিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় র‍্যালি, আলোচনা সভা ও সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য র‍্যালি শেষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন অধ্যাপক মো. মহিবুল্লাহ। এতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ বলেন, ‘একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি শিক্ষার্থীর স্বপ্নকে পথ দেখান এবং মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা ও শিক্ষকতার মর্যাদা সমুন্নত রেখে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে শিক্ষকের দায়িত্ব ও কর্মপরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে শিক্ষকদের আন্তরিক ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুর, বনানী সাহা, শংকর প্রসাদ দত্ত, মফিজুর রহমান, মিজানুর রহমান, মাহমুদুল ইমরান, এস এম এ মতিন, মোহাম্মাদ বাবুল আকতার, মো. ফজলুর রহমান, সিনিয়র প্রভাষক উম্মে হাবিবা, নার্গিস পারভীন, মহিতোষ চক্রবর্তী, পিন্টু কুমার সাধুখা, মো. কামরুজ্জামান, সুকান্ত ভট্টাচার্য, প্রভাষক মারুফুল কবীর, রিপন আলী, ইসরাফিল হোসেন, টিটোন হোসেন, রাশেদুল ইসলাম, সিনিয়র প্রদর্শক অশোক কুমার চক্রবর্তী, প্রদর্শক রবিউল ইসলাম ও হিসাবরক্ষক আব্দুল আজিজসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষক শুধু পাঠদানকারী নন, তিনি জাতি গঠনের অন্যতম কারিগর। তাঁদের জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের আলোয় আলোকিত হয় প্রজন্মের পর প্রজন্ম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।##

মোহাম্মদ বাবুল আকতার
মণিরামপুর, যশোর


এই বিভাগের আরও খবর