বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন লোকালয়ে
এসে ছাগল শিকার করল অজগর
বাগেরহাটের পুর্ব-সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় লোকালয়ে
এসে একজন দিন মজুরের একটি ছাগল শিকার করেছে সুন্দরবনের
অজগর। এ ঘটনাটি হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের
বনসংলগ্ন ভোলা নদীর চরে। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে
কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) কে জানালে তারা এসে
অজগরটি উদ্ধার করেন। পুর্ব-সুন্দরবনের শরনখোলা রেঞ্জ অফিস জানায়,
ওই গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল প্রতিদিনের মতো
ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ছাগলটি
বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। এক
পর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে একটি বড় অজগর সাপ দেখতে পান।
সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় তিনি বুঝতে পারেন যে
সেটি তার ছাগলটি গিলে ফেলেছে। এ খবর সিপিজি টিম কে দিলে
তারা এসে অজগরটি ধরে নিশ্চিত হয় ছাগল গিলে খেয়েছে। পরে
সুন্দরবনেই অজগরটি অবমুক্ত করা হয়।#