দেশের ক্রমবর্ধমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, অতিরিক্ত হর্ন বন্ধে কঠোর ব্যবস্থা এবং রাজধানীতে আরো ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে তিনি এসব নির্দেশনা দেন। রাজধানী ঢাকাসহ সারা দেশের পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,
বৈঠকে দেশের বর্তমান বায়ু ও শব্দদূষণ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রচলিত প্রযুক্তির পরিবর্তে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।”
রাজধানীতে অতিরিক্ত হর্নের ব্যবহার কমিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সভায় রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
যানজট নিরসন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দেন তিনি।”
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#bL