বাগেরহাটে রামপালের গৌরম্ভা ইউপিতে নাগরিক ফোরামের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
নাগরিকদের স্বাস্থ্যসেবা, সুপেয় পানির সুবিধা, মানব সম্পদ উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন, এলাকার পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যাবস্থাপনা কার্যক্রম আরো গতিশীল করতে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা আজ ১১ আগস্ট মঙ্গলবার সকালে পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর অর্থায়নে উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা নাগরিক প্রকল্পের আওতায় এই বাজেট পর্যালোচনা সভা আয়োজন করে।
গৌরম্ভা ইউনিয়ন নাগরিক ফোরামের সহ সভাপতি তসলিমা আক্তার বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি প্রশাসক ও রামপাল পল্লী সঞ্চয় ব্যাঙ্ক এর ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। ইউনিয়ন নাগরিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মো. মোহতাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরম্ভা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুদ্দৌলাহ, ইউপি সদস্য যথাক্রমে মো. তমেজুদ্দিন, মো. মোফাজ্জেল হোসেন, তিজারাত গাজী, মো. আবু মুছা আকুঞ্জি, মো. আব্দুল হালিম, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারিকা বেগম, শাহনাজ বেগম ও নূরজাহান বেগম। অনুষ্ঠানটি সমন্বয় করেন নাগরিক প্রকল্পের ফোকাল পার্সন ও নির্মাণ এর নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।

বক্তারা বলেন, গৌরম্ভা ইউনিয়ন একটি দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনপদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এলাকায় লবনাক্ততা, ফসলহীনতা, নদীভরাট, মরুকরণ প্রক্রিয়া, ভূগর্ভস্থ ও সুপেয় পানির সংকট প্রবলভাবে দৃশ্যমান। অপুষ্টি ও পানিবাহিত বিভিন্ন রোগের কারণে এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা বেশী। এসব প্রাকৃতিক সংকটের কারণে এই এলাকা থেকে মানুষের অভিবাসন প্রক্রিয়াও উদ্বেগজনক।
ইউপি প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানুষকে সরাসরি সহায়তা করা হচ্ছে। পাশাপাশি লজিক প্রকল্পের আওতায় সুপেয় পনির সংকট দুরীকরণে বর্নি সায়েরাবাদ ও প্রসাদনগরে পানির প্লান্ট, গৌরম্ভা বাজারে ড্রেনেজ ও পয়:নিস্কাসন প্রকল্প, সবুজায়নের জন্য গৌরম্ভা ব্রীজ থেকে কন্যাডুবি পর্যন্ত রাস্তার দুপাশে বৃক্ষ রোপন ও পরিচর্যা, কৃষি সেচ, খাল পুন:খনন, নারী উদ্যোক্তা তৈরীর জন্য সেলাই মেশিন বিতরণ এবং মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান প্রকল্প গ্রহন করা হয়েছে। এসব কিছু সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও স্থানীয় জনগনের সহায়তা প্রয়োজন। জনগন ট্যাক্স পরিশোধ না করলে ইউপির অনেক সেবা ব্যাহত হয়। তিনি স্বপ্রেনোদিত হয়ে জনগনকে ট্যাক্স প্রদানের আহবান জানান।
