বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসার জন্যও অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বাগেরহাট জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদ, মন্দির ও কলেজসহ মোট ১৮টি প্রতিষ্ঠানকে অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তার জন্যও অনুদান প্রদান করা হয়।
জেলা পরিষদ সূত্র জানায়, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, জেলার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের কল্যাণেও জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
