শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বরিশালে আই বি ডব্লিউ এফ-এর ব্যবসায়ী সমাবেশ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

আবুল বাশার, বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: / ১৪
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬


‘টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসায়ের দ্বার’—এই যুগান্তকারী ও অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হল ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর জেলা ব্যবসায়ী সমাবেশ। একই সাথে অনুষ্ঠানে সংগঠনের গৌরবোজ্জ্বল পথচলায় অবদান রাখার জন্য আজীবন সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শুক্রবার (২ অক্টোবর,)সকাল ৮টায় বরিশাল সরকারি বিভাগীয় গ্রন্থাগার মিলনায়তনে এক উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে এই সমাবেশ ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম। তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে আধুনিক ও সফল ব্যবসার মূল চাবিকাঠি হিসেবে সঠিক ও সুশৃঙ্খল ‘ব্যবসায়িক হিসাব-নিকাশ’-এর ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন। সততা ও দক্ষতার সাথে হিসাব বজায় রাখলে যেকোনো ব্যবসাকে কীভাবে টেকসই ও লাভজনক করা যায়, তা তিনি সুন্দরভাবে ফুটিয়ে তোলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসার প্রসার এবং উদ্যোক্তা তৈরির নানা কৌশল নিয়ে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকী এবং কেন্দ্রীয় কমিটির ট্রেজারার মো. হুমায়ুন কবির পাটোয়ারী।
এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ ঢাকা উত্তরের সভাপতি শেখ নেয়ামুল করিম এবং বরিশাল জেলা সহ-সভাপতি সৈয়দ গুলজার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের প্রতি অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ক্রেস্টপ্রাপ্ত সদস্যরা সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে ব্যবসার প্রসারে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
বক্তারা বলেন, বড় পুঁজি নয়, বরং সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর মাত্র ১০ হাজার টাকার মতো স্বল্প পুঁজি নিয়েও যে কেউ সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। সমাবেশ ও সম্মাননা প্রদান শেষে উপস্থিত ব্যবসায়ীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয় এবং তারা স্বনির্ভর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর