মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: / ৪৪
আপডেট সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬



যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বরিশালের বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও স্থানীয় শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র‍্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নাসরীন জোবায়দা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইদুর রহমান স্বপন।
আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ বরিশাল জেলা শাখার সেক্রেটারি জনাব মুহাম্মদ আবুল কাসেম, বাবুগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সেক্রেটারি জনাব মো. শহিদুল ইসলাম, বাবুগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইব্রাহিম খলিল এবং আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন ডিক্রির চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইউসুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। শিক্ষকরাই একটি আদর্শ ও মেধাভিত্তিক জাতি গঠনের মূল কারিগর।” সভায় অন্যান্য বক্তারা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক সমাজকে আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানানো হয়।


এই বিভাগের আরও খবর