বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বাবুগঞ্জে মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য দপ্তরের নৌ-প্রচারণা ও সচেতনতা সভা

আবুল বাশার,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: / ২৮
আপডেট সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬


জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আজ উপজেলার বিভিন্ন নদ-নদীতে বিশেষ নৌ-প্রচার অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন স্থানীয় জেলে পাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র (ঘাট) এবং স্থানীয় হাট-বাজারগুলোতে জেলে, মৎস্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের নিয়ে ধারাবাহিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলেদের মাঝে সচেতনতা মূলক বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুস সালেহীন ।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা শতভাগ সফল করতে এবং জেলেদের আইন অমান্য করার আইনি পরিণতি সম্পর্কে সচেতন করতেই এই বিশেষ অভিযানের আয়োজন করা হয়।

সচেতনতা সভায় বক্তারা বলেন, “মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে, যার সুফল সরাসরি আমাদের জেলেরাই ভোগ করবেন।” নিষেধাজ্ঞা চলাকালীন কোনো অসাধু ব্যক্তি যেন নদীতে মাছ ধরতে না পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টা কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। একই সাথে সরকার কর্তৃক নিবন্ধিত প্রকৃত জেলেদের মাঝে মানবিক সহায়তার চাল (ভিজিএফ) বিতরণ কার্যক্রম শুরু হওয়ার বিষয়টিও সভায় পুনর্ব্যক্ত করা হয়।

নৌ-প্রচারণা ও সচেতনতা সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় জেলে ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর