মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফের সেন্ট মার্টিনে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ।
বৃহস্পতিবার( ৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও, দ্বীপটির জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণে বিশেষ নজরদারির পাশাপাশি একে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে নিয়মিত টহল ও কঠোর অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায়, সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্র সীমানার অভ্যন্তরে আজ (৮ অক্টোবর) সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ৩ টি বস্তা পানিতে ফেলে মায়ানমার সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে, আভিযানিক দল কর্তৃক বস্তাগুলো তল্লাশি করে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ও প্রায় ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।