মণিরামপুরে জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত: আত্মগঠন ও নৈতিকদৃঢ়তা অর্জনের আহ্বান
যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির-২০৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে আটটায় মণিরামপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসেন বলেন, “সংগঠনকে সুসংহত করতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি রুকনকে আত্মশুদ্ধি ও নৈতিক দৃঢ়তার সঙ্গে এগিয়ে আসতে হবে।”
যশোর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক, গাজী এনামুল হক এমপি(যশোর-৫) এবং অধ্যাপক মোক্তার আলী এমপি (যশোর-৬)।
মনিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক জানান,যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর থানার রুকন সদস্যরা এই শিক্ষাশিবিরে অংশ নেন।
শিক্ষাশিবিরে দারসুল কোরআন, আত্মগঠন ও নেতৃত্বদান, ত্যাগ-কোরবানি এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিশেষে রুকনদের মুহাসাবা ও মোনাজাতের মধ্য দিয়ে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শিক্ষাশিবিরের সমাপ্তি ঘটে।#