শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

বাগেরহাটে খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন

মাসুম হাওলাদার: / ৯৪
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, খানজাহান আলী ডিগ্রি কলেজ বাগেরহাটের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বাড়াতে কলেজটির সরকারিকরণ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করা হলে সাধারণ ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা পেতে পারেন। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পথ সুগম হয়। এ কারণে খানজাহান আলী ডিগ্রি কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদান বিবেচনায় নিয়ে সরকারিকরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানান তাঁরা। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রটোকল অফিসার ,মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ,অফিসার্স ফোরামের সভাপতি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু,মানববন্ধনে বক্তব্য বলেন, খানজাহান আলী ডিগ্রি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। কলেজটিকে সরকারিকরণ করা হলে এলাকার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে। তাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও এলাকার শিক্ষার উন্নয়নের স্বার্থে কলেজটি সরকারিকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সেই ধারাবাহিকতায় খানজাহান আলী ডিগ্রি কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা উচিত। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। একই সঙ্গে কলেজটির সরকারিকরণের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু, কলেজের অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখি,সহকারী অধ্যাপক আবুল হাসান মোঃ ওলিউর রহমান,সহকারী অধ্যাপক শেখ সাইন হোসেন সহ কলেজের অন্যান্য  শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, খানজাহান আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল এ.এস.এম. মোস্তাফিজুর রহমান। কলেজটির দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষাক্ষেত্রে অবদান এবং ভবিষ্যৎ উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সরকারিকরণের উদ্যোগ গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।


এই বিভাগের আরও খবর