বাগেরহাটে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাগেরহাট সদর উপজেলার জাতীয় সিদ্দিকিয়া ও কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার মাধ্যমে পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা, কোরআনের শুদ্ধ চর্চা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মাওলানা মানফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আমিরুল ইসলাম সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ ক্বারী মিজানুর রহমান।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন হিফজুল কুরআন ফাউন্ডেশন বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল হাকিম ও সেক্রেটারি হাফেজ ক্বারী আবু হুরায়রাহ।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের কোরআন হিফজের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের মেধা ও যোগ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোরআনের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে পড়বে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।