শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি / ৪৬
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও হাতে-কলমে হাত ধোয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের হরিজন পল্লিতে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ম্যাক বাংলাদেশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
বিশেষ অতিথি ছিলেন এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম ও সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল।
অনুষ্ঠানে শিশু ও বয়স্কদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়। এ সময় সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উপস্থিত ব্যক্তিদের এ কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হয়।
প্রধান অতিথি অসীম কুমার কর বলেন, সুস্থ থাকার অন্যতম প্রধান শর্ত হলো ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা। হাতের মাধ্যমে নানা ধরনের জীবাণু সহজেই শরীরে প্রবেশ করতে পারে। দৈনন্দিন বিভিন্ন কাজের সময় হাতে লেগে থাকা জীবাণু হাত দিয়ে খাবার খাওয়া কিংবা চোখ, নাক ও মুখ স্পর্শ করার মাধ্যমে শরীরে প্রবেশ করে। এতে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। তাই সুস্থ থাকতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি।
সভাপতির বক্তব্যে ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ বলেন, সাবান ও পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার তৈরি ও খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর, শিশুকে খাওয়ানোর আগে এবং শিশুর মল পরিষ্কারের পর ভালোভাবে হাত ধোয়া প্রয়োজন। শুধু পানি দিয়ে হাত ভিজিয়ে নিলেই হবে না; হাতের তালু, পিঠ, আঙুলের ফাঁক, নখের চারপাশ ও আঙুলের ডগাসহ সব অংশ সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ঘষে পরিষ্কার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে এমসিডার সভাপতি মিজানুর রহমান আলম বলেন, হাত ধোয়া একটি সাধারণ অভ্যাস হলেও জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব অপরিসীম। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে শিশুদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে। পাশাপাশি সবার জন্য নিরাপদ পানি, সাবান ও স্বাস্থ্যসম্মত হাত ধোয়ার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল বলেন, বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্দেশ্য শুধু একটি নির্দিষ্ট দিনে হাত ধোয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়া নয়; বরং সারা বছর নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। এ অভ্যাস ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও সমাজকে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা বলেন, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সাবান ও নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর