সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

৮০ স্কুলছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : / ৭
আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে ৮০ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দিয়েছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা কারামা সলিডারিটি (বেলজিয়াম)। একই সঙ্গে ২৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ে সংস্থাটির ‘ব্যাক টু স্কুল’ (Back to School) প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন ও উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব।
এ সময় কারামা সলিডারিটির কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী ও কনসালট্যান্ট মো. ইসহাক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির জেলা প্রকল্প সমন্বয়কারী এস এ হামিদ।
বিতরণ কার্যক্রমে ৮০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল দেওয়া হয়। পাশাপাশি সাইকেল রক্ষণাবেক্ষণের জন্য পাম্প সেট, মেশিন অয়েল ও রেঞ্চ সরবরাহ করা হয়। সাইকেলগুলো নিরাপদে রাখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ৮০ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের একটি স্থায়ী পাকা শেড নির্মাণের ব্যবস্থাও রাখা হয়েছে।
অন্যদিকে, ২৮০ জন শিক্ষার্থীর প্রত্যেককে একটি ওয়াটারপ্রুফ স্কুলব্যাগ, ছয়টি খাতা, ১২টি কলম, একটি প্লাস্টিকের স্কেল, একটি পানির বোতল ও একটি পরীক্ষার ক্লিপবোর্ড দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, বেলজিয়ামভিত্তিক দাতা সংস্থা কারামা সলিডারিটির অর্থায়নে ‘Empowering Futures: Enhancing Education Access by Providing Bicycles to Rural Girls and Essential Learning Materials to School Children in Bangladesh’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, এসএসসি পরীক্ষায় পাসের হার বাড়ানো এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা।


এই বিভাগের আরও খবর