দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের চলমান পরিস্থিতি ও অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে; এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না।”তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত, সঠিক ও শক্তভাবে জবাব দিই; যাতে ভবিষ্যতে তারা আর বাংলাদেশের ও এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।”
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, চব্বিশে যেভাবে দেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, আজ আবার সেইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
চব্বিশের গণআন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের ১৬ বছরের শাসনামলের কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করা হয়েছিল। কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার ও ভোটের অধিকার। ২০১৪ ও ২০১৮ সালের মতো নিশিরাতের কিংবা আমি-ডামির নির্বাচনে এ দেশের মানুষ আর ফিরে যেতে চায় না।sm