সেন্টমার্টিনে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (*২৪ নভেম্বর ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপ হতে ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গত ২৩ নভেম্বর সোমবার সকাল ৭টায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৫ টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ২৮ টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।
জব্দকৃত ট্রলিং বোট, ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।