সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় সরকার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৫১
আপডেট সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও অফিসার্স ফোরামের সভাপতি,সরকারের সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু।
রোববার (২৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম কার্যদিবসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ড. ফরিদুল ইসলাম বাবলু।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং স্থানীয় সরকার ব্যবস্থার নানা দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।”
এ সময় ড. ফরিদুল ইসলাম বাবলু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ড. মঈন উদ্দিন আহমেদের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়েও তাঁদের দীর্ঘদিনের সুসম্পর্কের বিষয়টি উল্লেখ করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে মন্ত্রীর কাছ থেকে পাওয়া স্নেহ, আন্তরিকতা ও সহযোগিতার জন্য তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ড. ফরিদুল ইসলাম বাবলুর প্রায় ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা এবং স্থানীয় সরকার-সংশ্লিষ্ট বিষয়ে তাঁর পিএইচডি গবেষণার বিষয়টি উঠে আসে।
ড. ফরিদুল ইসলাম বাবলু তাঁর পিএইচডি অর্জনের দীর্ঘ পথচলা, গবেষণার বিভিন্ন দিক এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে গবেষণা সম্পন্ন করার অভিজ্ঞতা মন্ত্রীর কাছে তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দীর্ঘ কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা এবং দেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন।
ড. ফরিদুল ইসলাম বাবলুর দীর্ঘ কর্মঅভিজ্ঞতা ও সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি অর্জনের কথা জেনে মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদ তাঁর কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা ও গবেষণার প্রশংসা করেন।
সাক্ষাতে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে বাগেরহাটের চিকিৎসাবঞ্চিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে ফাউন্ডেশনের গৃহীত ও ভবিষ্যৎ উদ্যোগগুলো তুলে ধরা হয়।
ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন, মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত খান ফাউন্ডেশনের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তাঁকে সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করেছে। মানুষের কল্যাণে পরিচালিত এসব কার্যক্রম থেকে অনুপ্রেরণা নিয়ে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মাধ্যমে নিজ এলাকার অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা আরও বিস্তৃত করতে চান তিনি।
তিনি মন্ত্রীকে জানান, বাগেরহাটের সাধারণ মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, অসহায় ও আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা করা এবং ভবিষ্যতে ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন উদ্দিন আহমেদ এসব উদ্যোগকে আরও এগিয়ে নিতে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


এই বিভাগের আরও খবর