বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় অঞ্চল নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন

মাসুম হাওলাদা: / ১৬
আপডেট সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬


শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা পরিদর্শনে যান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান। পরিদর্শনকালে কোস্ট গার্ড মহাপরিচালক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখাসহ যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকেই ৩,৫০০ জন কোস্ট গার্ড সদস্য নিয়োজিত রয়েছে। আপনারা অবগত আছেন, কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় আমরা মোট ১৪৪ টি মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করছি।

হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করছি।

আগামীকাল প্রতিমা বিসর্জনের সময়ে আপনারা দয়া করে সতর্ক থাকবেন এবং প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এছাড়াও যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন, আমরা দ্রুত পদক্ষেপ নেব।
তিনি আরও বলেন, আমরা আশা করি, আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজার শুভ সমাপ্তি হবে।


এই বিভাগের আরও খবর