সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার

মাসুম হাওলাদা: / ৬
আপডেট সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের দুবলার চরে ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড।

সোমবার( ২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের জানমাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায়, প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবনের বঙ্গোপসাগর উপকূলবর্তী বাগেরহাটের দুবলারচরে শত বছরের ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উৎসবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের জাহাজ এবং নিকটবর্তী স্টেশন ও আউটপোস্টসমূহ হতে বিশেষ টহলদল নিয়োজিত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সার্বক্ষনিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বন বিভাগ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

আপনাদের অবহিত করতে চাই, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ মোট ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এছাড়া বনদস্যুদের কাছে জিম্মি থাকা ৬৩ জন জেলে, ২ জন পর্যটক ও ১ জন রিসোর্ট মালিককে জীবিত উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে কোণঠাসা হয়ে ৭টি সক্রিয় বনদস্যু বাহিনীর সর্বমোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

আপনাদের অনুরোধ করব, ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ চলাকালে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনে দ্রুত সেবা পেতে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করুন।

এবারের ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।


এই বিভাগের আরও খবর