বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের আয়োজনে শনিবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সভা কক্ষে সংস্থার একটি রিসোর্স প্রকল্পের লার্নিং শেয়ারিং ও ক্লোজিং ইভেন্ট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর -২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন ।দাতা সংস্থা গেøাবাল মার্চ, কর্ডএইড এবং এ আর মালিক সীডস-এর অর্থায়নে পরিচালিত এ প্রকল্পটি ২০২৪ এর মার্চ থেকে মে ২০২৬ পর্যন্ত জেলার শরণখোলা উপজেলায় বাস্তবায়িত হয়। সভায় প্রকল্প বিষয়ে আয়োজকরা বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য ছিল কৃষিভিত্তিক আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকাভিত্তিক সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম নিরসন করা। উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং সচেতনতা কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটি পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আব্দুল আলিম এমপি বলেন, শিশুশ্রম শুধু সামাজিক সমস্যা নয়, এটি একটি জাতীয় উন্নয়নের অন্তরায়। রিসোর্স প্রকল্প যেভাবে পরিবারগুলোর আয় বৃদ্ধির মাধ্যমে শিশুশ্রম কমানোর উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের কার্যক্রম টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অতিথি মঞ্জুরুল হক রাহাদ বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিসোর্স প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও স্বাবলম্বিতা তৈরিতে কার্যকর ভূমিকা রেখেছে। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, জেলা কালেক্টরেটের স্থানীয় সরকার শাখার উপ- পরিচালক মোঃ ফখরুল হাসান, দাতা সংস্থা কর্ডএইড-এর মোহাম্মদ ইমরান ও মাহে আলমসহ মোঃ রাজিবুল কাদের, সোনালী চাকমা, মোহাম্মদ মোনায়েম হোসেন, শরনখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, প্রকল্প কর্মকর্তা মোঃ নাঈম হোসেন ও মোঃ ইলিয়াস। সভাটি সঞ্চালনা করেন উদয়ন বাংলাদেশের সিইও মোঃ আছাদুজ্জামান শেখ।#az