শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক: / ৪১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে চলা তীব্র গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির প্রভাবে চলমান তাপপ্রবাহও ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে এ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

তবে আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।”

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের তাপপ্রবাহ ধীরে ধীরে কমতে পারে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও কিছু এলাকা তাপপ্রবাহমুক্ত হতে পারে এবং পরবর্তী দুই দিনে সারা দেশেই তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।”
সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশজুড়ে ঝড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে।#bl


এই বিভাগের আরও খবর