বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারে শিক্ষার্থীদের খেলাধুলা সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

মাসুম হাওলাদার: / ১৮ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কক্সবাজারের মহেশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শিক্ষা বিস্তারে সহায়তা, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন ২০২৬, বুধবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়াও, একই দিনে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত উক্ত এলাকার সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


এই বিভাগের আরও খবর