সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান

বাগেরহাট প্রতিনিদি: / ৩৭
আপডেট সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

শিক্ষার মান ও পরিবেশ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানকে মাদকমুক্ত করা এবং সবুজ-পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে বাগেরহাটের মোড়েলগঞ্জে অনুষ্ঠিত এক আলোচনা সভায়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, খুলনা বিভাগীয় প্রধান কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং ড. মো. মহসিন আলী হাওলাদার।
সভায় বক্তারা বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষার্থীদের ওপর। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল শিক্ষায় সম্পৃক্ত করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষার সঙ্গে পরিবেশেরও নিবিড় সম্পর্ক রয়েছে। সবুজ ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, উপজেলা বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে মোড়েলগঞ্জ উপজেলার ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা । এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণ, পরিচর্যা ও সবুজ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত প্রজন্ম এবং সবুজ-পরিচ্ছন্ন পরিবেশ—এই তিনটি লক্ষ্য একসঙ্গে বাস্তবায়ন করা গেলে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাগেরহাট গড়ে তোলা সম্ভব। #BL


এই বিভাগের আরও খবর