যশোরের মণিরামপুরে শিয়ালের উৎপাত ঠেকাতে পাতানো বিদ্যুতের ফাঁদে জড়িয়ে মশিয়ার রহমান মোড়ল (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আম্রঝুটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মশিয়ার রহমানের প্রতিবেশী হাফিজুর রহমানের বাড়ির পাশের বাঁশঝাড়ে প্রায়ই শিয়ালের আনাগোনা ছিল। শিয়াল বাড়িতে ঢুকে হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত প্রাণী নিয়ে যেত। এ কারণে শিয়াল ঠেকাতে হাফিজুর বাঁশঝাড়ে বিদ্যুতের তার পেতে রাতে তাতে সংযোগ দিয়ে রাখতেন বলে স্থানীয়দের ভাষ্য।
মঙ্গলবার সকালে মশিয়ার রহমান ওই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ।##
মোহাম্মদ বাবুল আকতার
মনিরামপুর যশোর