পূর্ব সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় শিকারীদের একটি ট্রলারও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিয়মিত টহলের সময় বাগেরহাটের শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালী এলাকায় পেতে রাখা হরিণ শিকারের ফাঁদ দেখতে পান বনরক্ষীরা। পরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারীকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি ট্রলারও জব্দ করা হয়।
আটকরা হলেন শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৯), নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)।
অন্যদিকে, নিষিদ্ধ সময়ে সুন্দরবনের সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার একটি খালে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলার ও জালসহ তিন জেলেকে আটক করেন বনরক্ষীরা। আটকরা হলেন বরগুনার ছোট পাথরঘাটা গ্রামের হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, আটক শিকারী ও জেলেদের বিরুদ্ধে বন আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।##