মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

,বাগেরহাট প্রতিনিধি: / ৪২
আপডেট সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬


বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক আকস্মিক অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার  (১০ নভেম্বর) দুপুরে এ অভিযানকালে পাসপোর্ট অফিসে সেবা প্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র যাচাই এবং অফিসের সেবা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। অভিযানে সেবাপ্রার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা। দুদকের বাগেরহাট জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার  সাংবাদিকদের বলেন, পাসপোর্ট অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এর মধ্যে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় ও সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রমাণ মিলেছে। অভিযান চালিয়ে যেসব তথ্য-উপাত্ত ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।


অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।az


এই বিভাগের আরও খবর