বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

বাগেরহাটে জাতীয় পর্যায়ে বক্সিং খেলোয়াড় তৈরি ও উন্নয়নে প্রশিক্ষণ শুরু

বাগেরহাট প্রতিনিধি: / ১০৭
আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় পর্যায়ে বক্সিং খেলোয়াড় তৈরি ও বক্সিংয়ের উন্নয়নের লক্ষ্যে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট ইনডোর স্টেডিয়ামে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর সোহেল। প্রশিক্ষণ পরিচালনা করছেন বাগেরহাট জেলা  বক্সিং কোচ মাহবুবুর রহমান বাদল

প্রথম ধাপে বাগেরহাটের পাঁচটি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। বিদ্যালয়গুলো হলো বাগেরহাট কলেজিয়েট স্কুল, বাগেরহাট আদর্শ বিদ্যালয়, বাগেরহাট আমলাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, সরকারি বয়েজ স্কুল ও সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়।

সপ্তাহে তিন দিন শনিবার, রবিবার ও সোমবার নিয়মিতভাবে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের বক্সিংয়ের মৌলিক কৌশল, শারীরিক সক্ষমতা, আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার দক্ষতা গড়ে তোলার পাশাপাশি জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্য রয়েছে।

প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সালমান শেখ (৬ষ্ঠ শ্রেণি), ফেরদাউস আহমেদ (৭ম শ্রেণি), সাদাফ মীর (৬ষ্ঠ শ্রেণি), তানজিম (৮ম শ্রেণি), মো. তালহা (৯ম শ্রেণি), কৌশিক (৮ম শ্রেণি) ও আরিফ শেখ (৬ষ্ঠ শ্রেণি) জানান, তারা আত্মরক্ষা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সমাজের কল্যাণে নিজেদের দক্ষ করে তুলতে বক্সিং শিখতে আগ্রহী।

বক্সিং কোচ মাহবুবুর রহমান বাদল বলেন, বাগেরহাটে বক্সিংয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে এখান থেকে ভালো মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই বক্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলা।

প্রধান অতিথি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার বলেন,যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন 

 বক্সিংয়ের কৌশলগুলো শিখলে নিজের ওপর বিশ্বাস বাড়ে এবং মনের ভয় দূর হয়। বক্সিং শরীরের জন্যও অত্যন্ত উপকারী একটি খেলা। নিয়মিত বক্সিং অনুশীলন করলে হৃদযন্ত্রের কার্যক্ষমতা ও রক্তসঞ্চালন বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। একই সঙ্গে নিয়মিত বক্সিং করলে শরীরের ক্লান্তি দূর হয় এবং দীর্ঘসময় কাজ করার শক্তি ও স্ট্যামিনা বাড়ে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও সম্পৃক্ত হওয়া প্রয়োজন।

বিশেষ অতিথি তানভীর সোহেল বলেন, বক্সিং শুধু একটি খেলা নয়, এটি আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস তৈরির একটি কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা গেলে তারা মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। বাগেরহাটে বক্সিংয়ের এই প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

কোচ মাহবুবুর রহমান বাদল  জানান, প্রথম ধাপের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর পর্যায়ক্রমে আরও শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।##


এই বিভাগের আরও খবর