শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

জুমা আদায়কারীর মর্যাদা নিয়ে যা বলেছেন নবীজি (স.)

উত্তাল ডেস্ক: / ৪১
আপডেট সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

জুমার দিন মুসলমানদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ ও কাঙ্ক্ষিত একটি দিন। হাদিসে এ দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। জুমার নামাজ আদায়কারীর জন্য কেয়ামতের দিন বিশেষ সম্মানের কথা বলা হয়েছে।

সৃষ্টি জগতের শুরু থেকেই জুমার দিন গুরুত্বপূর্ণ। মানব ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এ দিনে ঘটেছে। পবিত্র কুরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সুরাও আছে। সপ্তাহের বাকি ছয় দিনের তুলনায় অধিক মর্যাদাসম্পন্ন এই দিনের আমলও অনেক ফজিলতপূর্ণ।
এ দিনের বিশেষ কিছু আমল রয়েছে, যার সওয়াব অনেক বেশি।

এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল (ফরজ বা সাধারণ গোসল), তাড়াতাড়ি মসজিদে গেল বা যাওয়ার চেষ্টা করল, যাওয়ার পথে কোনো কিছুতে আরোহণ না করে হেঁটে গেল, ইমামের কাছে ঘেঁষে বসল, কোনোপ্রকার অহেতুক কথাবার্তা না বলে মনোযোগের সঙ্গে খুতবা শুনল এবং নামাজ আদায় করল, তার প্রতিটি কদমের বিনিময়ে এক বছর রোজা ও নামাজের সওয়াব দেওয়া হবে।’ (তিরমিজি: ৪৫৬)
এ ছাড়া আল্লাহ তাআলা জুমা আদায়কারীকে কেয়ামতের দিন বিশেষ সম্মানে ভূষিত করবেন বলে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, মহান আল্লাহ জুমার নামাজ আদায়কারীকে বিশেষ নূর দান করবেন। কেয়ামতের দিন জুমার নামাজ আদায়ের কারণে তাদের চেহারা থেকে বিশেষ নূরের ঝলক প্রতিভাত হবে।

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘আল্লাহ তাআলা কেয়ামতের দিন পৃথিবীর দিবসগুলোকে নিজ অবস্থায় উত্থিত করবেন। তবে জুমার দিনকে আলোকোজ্জ্বল ও দীপ্তিমান করে উত্থিত করবেন। জুমা আদায়কারীরা আলো দ্বারা বেষ্টিত থাকবে, যেমন নতুন বর বেষ্টিত থাকে। এটি তাকে প্রিয় ব্যক্তির কাছে নিয়ে যায়। তারা আলোবেষ্টিত থাকবে এবং সেই আলোতে চলবে।

‘তাদের রং হবে বরফের মতো উজ্জ্বল ও সুগন্ধি হবে কর্পূরের পর্বত থেকে সঞ্চিত মিশকের (বিশেষ সুরভি) মতো। তাদের দিকে জিন ও মানুষ তাকাতে থাকবে। তারা আনন্দে দৃষ্টি ফেরাতে না ফেরাতেই জান্নাতে প্রবেশ করবে। তাদের সঙ্গে একনিষ্ঠ সওয়াব প্রত্যাশী মুয়াজ্জিন ছাড়া কেউ মিশতে পারবে না।’ (মুসতাদরাক হাকেম: ১০২৭; সহিহ ইবনে খুজায়মা: ১৭৩০)

জুমার দিন সুরা কাহাফ পাঠ ও বেশি বেশি দরুদ পড়ার বিশেষ গুরুত্ব ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জুমার নামাজ আদায় এবং এ দিনের সব সুন্নতের প্রতি যত্নশীল হওয়ার তাওফিক দান করুন। আমিন।#BL


এই বিভাগের আরও খবর