শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

তিন দিনব্যাপী জেলা ফল মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: / ২৩ টাইম ভিউ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে তিন দিনব্যাপী জেলা ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে জেলা ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজ উদ্দিন আহমেদ, নড়াইল প্রেস ক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।

মেলার উদ্বোধন শেষে ফল মেলার স্টল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি ও দপ্তর প্রধানগণ। বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন। খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস হলো ফল। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়।”

ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে তথা দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরব্যাপী ফল চাষ এবং তার সঠিক সংরক্ষণ এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। এ জন্য প্রতিটি বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষ লাগানোর আহ্বান জানান বক্তারা। ফল মেলা উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।#bl


এই বিভাগের আরও খবর