মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: / ২৮ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ২২ জুন, ২০২৬

জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।”
শনিবার (২০ জুন) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় বকশীগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) জামালপুরের সাধারণ ডায়েরি (জিডি) নং-৪২৭, ২০ জুনের ভিত্তিতে গোপন সংবাদের তথ্য যাচাই করে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নি.) মো. আপেল মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান নিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রিদুওয়ান বারী তালুকদার (৩০), পিতা মো. মখলেছুর রহমান, গ্রাম-পলাশতলা, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর এবং মো. তাবিবুর হাসান তালুকদার (২৬), পিতা মো. সোবহান আলী তালুকদার, গ্রাম-বাট্টাজোড় পশ্চিমপাড়া, থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুর।

আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ৯০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মদসহ তাদের থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে চোরাইপথে ভারতীয় বিদেশি মদ দেশে এনে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্র থেকেও তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে ডিবি পুলিশ দাবি করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)(বি) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। জামালপুর জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানটি জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুমের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকা ব্যবহার করে যারা অবৈধভাবে মাদক ও নিষিদ্ধ পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জেলা পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মদ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও আরো জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।#bl


এই বিভাগের আরও খবর