মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

দীর্ঘ ২৩ বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে মোংলা নদীতে সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: / ৪৯ টাইম ভিউ
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬

জোয়ার-ভাটার বাধা কাটিয়ে মোংলা নদীতে প্রথমবারের মতো সার্বক্ষণিক ফেরি চলাচল শুরু হয়েছে। নতুন এ সেবায় বাগেরহাটের চার উপজেলার লাখো মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্য ও পণ্য পরিবহনেও গতি আসবে।

দীর্ঘ ২৩ বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টায় স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন ফেরিঘাটে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. শেখ ফরিদুল ইসলাম।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের হাজারো শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নদী পারাপারে দুর্ঘটনার ঝুঁকি কমাতেও সার্বক্ষণিক ফেরি চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, ২০০৩ সালে ফেরি সার্ভিস চালু হলেও এতদিন তা কেবল জোয়ারের সময় চলত। ভাটার সময় ফেরি বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হতো। এখন থেকে দুটি ফেরি দিন-রাত নিরবচ্ছিন্নভাবে চলাচল করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, ভবিষ্যতে মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেতু নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফেরি সার্ভিস চালু থাকবে।”
এতে মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে জয়মনির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং,প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এলাকাবাসীর প্রত্যাশা, বিরতিহীন ফেরি সেবা চালুর মধ্য দিয়ে মোংলার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ।#bL


এই বিভাগের আরও খবর