বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুদক

বাগেরহাট প্রতিনিধি: / ৯
আপডেট সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬



বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেছে দুদক।  জ্ঞাত আয় বর্হিভূত ৬ কোটি টাকার বেশি সম্পদ অর্জনের তথ্য গোপণ করার অভিযোগে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সমীরন কুমার মন্ডল বাদী হয়ে মঙ্গলবার রাতে এই মামলা দুটি দায়ের করেন। শাহীনুল আলম ছানা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। মামলার এজাহারের বরাত দিয়ে দুদক অফিস বুধবার দুপুরে জানায়, ২০২২ সালে দুদকের জেলা কার্যালয় শাহিনুল আলম ছানা ও তাঁর স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এতে জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে কমিশনে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করে। কমিশনে দাখিল করা বিবরণীতে, শাহিনুল আলম ছানা ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকা এবং তার স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখায়। ২০২৫ সালের ১৮ মার্চ তারা দুদকে বিবরণী জমা দেন। মামলার এজাহারে বলা হয় দুদকের অনুসন্ধানে শাহিনুল আলম ছানার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনে দাখিল করা বিবরণীতে তিনি ১ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকার স্থাবর এবং ৪ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৫৭৯ টাকার অস্থাবর, মোট ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৫৭৯ টাকার সম্পদের তথ্য দেন। দায় দেখিয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৬২ হাজার ২৫৫ টাকা। তবে তথ্য যাচাইয়ে দুদক তাঁর নামে ৩ কোটি ২১ লাখ ১৭ টাকার স্থাবর ও ৭ কোটি ৫৯ লাখ ২৮ হাজার ৯৫ টাকার অস্থাবর, মোট ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ১১২ টাকার সম্পদের তথ্য পেয়েছে। এর বিপরীতে ব্যাংকঋণসহ দায় ১ কোটি ৯৬ লাখ ২ হাজার ৭৩৪ টাকা। দায় বাদ দিয়ে নিট সম্পদ দাঁড়ায় ৮ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৩৭৮ টাকা। এতে তিনি মোট ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার সম্পদের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এ ছাড়া ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এজাহার  অনুযায়ী ঘটনার সময় ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।  এ ছাড়া অন্য মামলায় শাহিনুল আলম ছানার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে অভিযোগ, সম্পদ বিবরণীতে তিনি ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখিয়েছিলেন। অথচ অনুসন্ধানে তাঁর নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার ২৫৮ টাকার সম্পদের তথ্য মিলেছে। ফলে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, দোকান ভাড়া ও কৃষি খাত থেকে তাঁর আয় ১০ লাখ ৬৫ হাজার টাকা দেখানো হয়েছে। সঞ্চয়সহ বৈধ সম্পদ ১৪ লাখ ৩ হাজার টাকা ধরে ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৬৯৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ মামলার ঘটনার সময় ২০১৪ সাল থেকে ২০২৫ সালের ১৮ মার্চ পর্যন্ত। দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের অতিরিক্ত উপ-পরিচালক (ডিএডি) মো. আবুল কাইয়ুম হাওলাদার দায়ের করা মামলার এজাহারের বরাতে বলেন,  বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের অনুসন্ধানে নামে দুদক। সেই অনুসন্ধানে উভয়ের অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার প্রেক্ষিতে দূর্নীতি দমন কমিশন তাদের সম্পদ বিবরণী দাখিল করতে আদেশ জারি করে। আদেশ অনুযায়ি তারা তাদের সম্পদের হিসাব দাখিল করে। সেই হিসাবে চেয়ারম্যান মোট ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার ৭৯৯ টাকার এবং তার স্ত্রী ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৪৮৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন বলে সম্পদের তথ্য বিবরণীতে তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। যার সত্যতা দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। তথ্য গোপণের সত্যতা মেলায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় ওই দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটির তদন্ত শুরু হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে। আসামি শাহীনুল আলম ছানা ও তার স্ত্রী ঝর্ণা আলম বর্তমানে পলাতক রয়েছেন।#AZ


এই বিভাগের আরও খবর