সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে লোকালয় বেড়েছে বিষধর সাপের আনাগোনা, স্থানীয়দের মধ্যে আতংক

মৌলভীবাজার প্রতিনিধি: / ১২
আপডেট সময়: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে বেড়েছে বিষধর সাপের আনাগোনা। হঠাৎ করে চা বাগানসহ বিভিন্ন স্থানে থেকে বিষধর সাপ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে সাপ আতংক বিরাজ করছে।
গত কয়েকদিনে চা-বাগানসহ লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে বিষধর পদ্ধ গোখরা, কোবরা এবং শঙ্খিনী সাপ উদ্ধারের পর বনবিভাগে হস্তান্তর করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুরেশ নায়েক এর ঘরে কাপড়ের আলনায় একটি বিষধর পদ্ম গোখরা সাপ দেখতে পান পরিবারের সদস্যরা।
সাপ দেখতে পেয়ে সুরেশ নায়েকের পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন।
পরে সুরেশ নায়েক সাপটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
পরে তারা সাপটিকে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ইদানিংকালে অন্যান্য বন্যপ্রাণীর পাশাপাশি প্রাণঘাতী বিষধর সাপও লোকালয় থেকে উদ্ধার করছেন তারা। বিষয়টি উদ্বেগজনক।
তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের সুশেন মুন্ডা নামের এক চা শ্রমিকের ঘর থেকে একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার কালিঘাট ইউনিয়নের পোস্ট অফিস সংলগ্ন স্টাফ কোয়ার্টার থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার করা হয়। ১১ সেপ্টেম্বর ভুড়ভুড়িয়া চা বাগান থেকে একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়।
এছাড়াও কমলগঞ্জে এক প্রবাসীর ঘরের ভিতর থেকে ৫টি মনোক্লেড কোবরা উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
চা বাগানসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব বিষধর সাপ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে সাপ আতংক বিরাজ করছে।


এই বিভাগের আরও খবর