মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বাগেরহাটে জাতীয় ছাত্রশক্তির লিখিত আবেদন

বাগেরহাট প্রতিনিধি: / ২৫ টাইম ভিউ
আপডেট সময়: সোমবার, ৬ জুলাই, ২০২৬

লোকাল বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতকরণসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বাগেরহাট জেলা বাস মালিক সমিতির কাছে লিখিত আবেদন করেছে জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখা।রবিবার (০৫ জুলাই) বাগেরহাট জেলা বাস মালিক সমিতির কার্যালয়ে এ আবেদনপত্র জমা দেন জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলার আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলার আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল রুমান বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। অল্প সময়ের মধ্যে এসব দাবির গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধান না হলে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় ছাত্রশক্তি কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আবেদনে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—শুক্রবার ব্যতীত সপ্তাহের সব দিন এবং বাসের সব ট্রিপে জেলার সকল রুটে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হাফ ভাড়া কার্যকর করা; নারী শিক্ষার্থীদের প্রতি হয়রানি, অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে জড়িত চালক,সুপারভাইজার, হেলপার বা বাস স্টাফদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ; হাফ ভাড়া নিতে অস্বীকৃতি, অতিরিক্ত ভাড়া আদায় বা শিক্ষার্থীদের বাসে উঠতে বাধা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা; শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য নির্দিষ্ট হেল্পলাইন বা কার্যকর অভিযোগ ব্যবস্থা চালু করা; বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র প্রদর্শন করলেই হাফ ভাড়া নিশ্চিত করা এবং অতিরিক্ত কোনো কাগজপত্র না চাওয়া; এছাড়া জেলার সকল রুটের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়ার তালিকা লিখিতভাবে প্রকাশ করে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার দাবি জানানো হয়।
এদিকে,বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সেক্রেটারিসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

am.n


এই বিভাগের আরও খবর