,বাগেরহাটে শিক্ষাবিদ লতিফর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত।
বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম লতিফর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
সোমবার (১৩ জুলাই) আসরের নামাজের পর বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামের বায়তুল লতিফ জামে মসজিদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সুধীজন এবং এলাকার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
স্মরণসভায় বক্তারা মরহুম লতিফর রহমানের শিক্ষা বিস্তারে অসামান্য অবদান, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, লতিফর রহমান ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবক, যিনি আজীবন শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন মরহুমের ছেলে, লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ‘হ্যামিলিয়নের বাঁশিওয়ালা’ খ্যাত সিপিএ সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলাম জগলু। তিনি বাবার কর্মময় জীবন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান এবং পারিবারিক নানা স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের শেষে মরহুম লতিফর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
