বাগেরহাটের মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইফা আক্তার নামে ২ বছর বয়সের একজন শিশুর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশু ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে। শিশুটি পরিবার বলছে গত শনিবার দুপুরে প্রচন্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফা কে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রবিবার সকালেও নতুন করে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।#az