বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়। গ্রেফতার কামরুজ্জামান টুকু বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে একটি প্রতারক চক্র কয়েক মাস ধরে অবৈধ তদবির বাণিজ্য করছে। প্রতিমন্ত্রীর এমন নির্দেশের পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে কামরুজ্জামান টুকুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ সময়ে তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতারক কামরুজ্জামান টুকুকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ ও তদন্তে অন্য কারো সস্মৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#az