আজ সোমবার (৩ আগস্ট) সকালে রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের ৫ম ত্রৈমাসিক সভা স্থানীয় নাগরিক নেতা সুরাইয়া বেগম এর বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের কার্যনির্বাহী সম্পাদক সুরভী আক্তার।
নাগরিক ফোরামের স্বেচ্ছাসেবক কবির আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সভায় অতিথি ছিলেন রামপাল উপজেলা নাগরিক ফোরাম নেতা সাবেরা তুলি এবং নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন।
দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নে, উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এ সভা আয়োজন করে।
সভায় রামপাল সদর ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে নারী, দলিত ও প্রান্তিক জনগোষ্টির উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ বিষয়ে পর্যালোচনার জন্য ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদে মত বিনিময় সভা করার সিদ্ধান্ত হয়। এছাড়া সরকারি বিভিন্ন ভাতা প্রাপ্তিতে বিশেষ সহযোগিতা করায় সুষমা বিশ্বাস এবং সুরাইয়া বেগমের কেস স্টোরি তৈরি করা, নাগরিক ফোরাম সদস্যদের মধ্যে আন্ত:সমন্বয় বাড়ানো, কর্ম এলাকায় পাঁচ শত উপকারভোগী চিহ্নিত করা, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে তথ্য অধিকার দিবস উদযাপন করা এবং কমিউনিটি পর্যায়ে নাগরিক সংলাপ বাস্তবায়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন নাগরিক নেতা সুষমা বিশ্বাস, ডলি রানী দাস, শ্যামলী দাস, মাখুশ্রী মন্ডল, তানিয়া খাতুন, আসমা বেগম, নুরজান বেগম, হালিমা খাতুন প্রমুখ। বক্তারা হত্যা ধর্ষণসহ নারী নির্যাতন প্রতিরোধ, শিশু বিবাহ, শিশু ধর্ষন, শ্লিলতাহানী ও বলাৎকার প্রতিরোধে নাগরিক ফোরাম সদস্যদের আরও সোচ্চার থাকার আহ্বান জানান।