কক্সবাজারের টেকনাফে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ আগস্ট ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসকল এলাকার জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়, আজ ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের স্থানীয় জনসাধারণ, কিশোর, যুবসমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকমুক্ত সমাজ গঠনে একটি জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে মাদকের ভয়াবহতা, মাদক নিয়ন্ত্রণ আইন, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন, অনলাইন জুয়া ও মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বিজিবি ও টেকনাফ মডেল থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।