বেশরগাতি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) কর্তৃক জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
শনিবার (১১ সেপ্টেম্বর) এ উপলক্ষে BeSTI-এর আয়োজনে “প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে পেশাগত উন্নয়ন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান এবং বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় সভাপতিত্ব করেন ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ও চেয়ারম্যান, BeSTI।
মতবিনিময় সভায় বক্তারা দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা স্থানীয় পর্যায়ে দক্ষ জনশক্তি তৈরিতে BeSTI-এর উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় মো. তৌহিদুর রহমান NHRDF-এর অর্থায়নে চলমান প্রশিক্ষণ কোর্সসমূহের পাশাপাশি BeSTI-তে কেয়ারগিভিং (Caregiving) কোর্স পরিচালনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে সম্মতি প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে জাপানি ভাষা কোর্স অনুমোদনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে মো. তৌহিদুর রহমান BeSTI-এর প্রশিক্ষণ ল্যাব, প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের মান এবং সার্বিক প্রশিক্ষণ পরিবেশ পরিদর্শন করেন। তিনি BeSTI-এর প্রশিক্ষণ কার্যক্রমের মান ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এছাড়া সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ ও মো. তৌহিদুর রহমান বেশরগাতি ফাউন্ডেশন কমপ্লেক্সে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত বিভিন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন। ফাউন্ডেশনের বহুমুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম দেখে তাঁরা মুগ্ধতা প্রকাশ করেন এবং এসব উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেরিন ইনস্টিটিউট অব টেকনোলজি ও স্মার্ট স্কিল ট্রেইনিং সেন্টারের প্রিন্সিপালগণ, বাগেরহাটে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, লতিফ মাস্টার ফাউন্ডেশন, BeSTI ও স্কিল-আইটি-এর অংশীজন, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় সুধীজন।


